কিশোরগঞ্জের কটিয়াদীতে সাত বছরের এক শিশুকে অপহরণ চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও তিন পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় জড়িত নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে সরকারি কাজে বাধাসহ কয়েকটি ধারায় পৌরসভার বেথইর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার পিপুলিয়া গ্রামের মঞ্জিল ভূইয়ার ছেলে মো. ছোটন মিয়া (৩২), একই গ্রামের মৃত মঞ্জিল মিয়ার ছেলে সামসুদ্দিন (৩৫), বেথইর গ্রামের নুরুল হকের ছেলে এনামুল হক ইস্তি (১৯), মৃত লিলু মিয়ার ছেলে মো. বাইজিদ ইসলাম (২৬) এবং একই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী জুঁই আক্তার (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল কটিয়াদী পৌরসভার বেথইর এলাকায় সাত বছরের এক শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে প্রিয়া (৩৫) নামে এক নারীকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে কটিয়াদী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এ সময় উপস্থিত উৎসুক জনতা ও পুলিশের মধ্যে তীব্র হট্টগোল তৈরি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা ও দুষ্কৃতকারীরা পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। এই হামলায় কটিয়াদী থানার তিন পুলিশ সদস্য আহত হন।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। হামলায় জড়িত থাকা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে উল্লিখিত পাঁচজনকে আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয় জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাসুদ কোনো বক্তব্য দিতে রাজি হননি।
এই বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের কাছে জানতে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









