চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) উমে সালমা রুমা, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পাপিয়া খাতুন।
সভায় মোট ৫১টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, আনসার সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বাজানো থেকে বিরত থাকা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার জন্য পূজামণ্ডপের সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









