চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ ও ৪৭ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) রাতে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়।
বিজিবি জানায়, গত ৮ অক্টোবর রাত সাড়ে সাতটার দিকে ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করে। এরপর একই রাতে আনুমানিক পৌনে বারোটায় মনোহরপুর বিওপির আরেকটি টহল দল একই গ্রামে অভিযান পরিচালনা করে ৪৭ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করে। জব্দ করা মদ ও ফেয়ারডিল সিরাপের আনুমানিক বাজারমূল্য ৪৭ হাজার ৩০০ টাকা। পরবর্তী আইনগত প্রক্রিয়া হিসেবে এসব মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবি আরও জানায়, চলতি অক্টোবর মাসে ৫৩ বিজিবি কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে ১ জন আসামিসহ মোট ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৭ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৩৬ বোতল মদ জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবির এমন তৎপরতা অব্যাহত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ এবং মাদক ও যেকোনো অবৈধ চোরাচালান রোধে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









