ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী এক বাসের পেছনে অন্য আরেকটি বাসের ধাক্কায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এ সময় বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের ফায়ার সার্ভিসের কর্মীরা নিরাপদে উদ্ধার করেন।
গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) গভীর রাত আনুমানিক দুইটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া যাত্রী ছাউনি সংলগ্ন মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটামুখী এনা পরিবহনের একটি বাস সামনে থাকা একটি মোটরসাইকেলকে বাঁচাতে হঠাৎ ব্রেক করে। এ সময় পেছন থেকে অতিরিক্ত গতিতে আসা খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে হানিফ পরিবহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে কয়েকজন যাত্রী আটকা পড়েন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আধুনিক সরঞ্জাম ব্যবহার করে দুর্ঘটনাগ্রস্ত হানিফ পরিবহনের বাসের দরজা ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করেন।
অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









