বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় টানা চতুর্থবারের মতো স্থান পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নুরুজ্জামান খান। ২০২৬ সালের এই তালিকায় জাককানইবি থেকে তিনিই একমাত্র গবেষক হিসেবে এ গৌরব অর্জন করেছেন।
আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৩৪৭ জন গবেষক এই তালিকায় স্থান পেয়েছেন, যাঁদের মধ্যে ড. নুরুজ্জামানের অবস্থান ৪৪তম। এর আগে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালেও তিনি এই তালিকায় ছিলেন।
স্কোপাস (Scopus) ডেটাবেসের তথ্যের ভিত্তিতে তৈরি এই তালিকায় ড. নুরুজ্জামান খানকে ক্লিনিক্যাল মেডিসিনের ‘পাবলিক হেলথ’ উপক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উপক্ষেত্রে তাঁর বৈশ্বিক অবস্থান ৪২৬তম এবং সামগ্রিক বৈশ্বিক অবস্থান ৪৬,০১৭তম।
ড. নুরুজ্জামান খানের গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে শরণার্থী ও অভিবাসী স্বাস্থ্য, শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা এবং মা ও শিশুর স্বাস্থ্য। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউক্যাসল থেকে ক্লিনিক্যাল এপিডেমিওলজি অ্যান্ড মেডিকেল স্ট্যাটিসটিকস বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এই অর্জন প্রসঙ্গে ড. নুরুজ্জামান খান বলেন, ‘গবেষণার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখা এবং জনস্বাস্থ্য ও মানুষের জীবনমানের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করাই আমার গবেষণার অন্যতম লক্ষ্য। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও অর্থবহ গবেষণায় কাজ করার অনুপ্রেরণা দেয়।’
তরুণ গবেষকদের নিয়ে তিনি বলেন, ‘তরুণদের জন্য কিছু করতে পারলে সেটিই আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয়। আমার গবেষণার অভিজ্ঞতা ও জ্ঞান যদি তরুণ গবেষকদের এগিয়ে যেতে কাজে লাগে, তাহলে সেটাকেই আমি আমার কাজের একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করি।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









