রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক ও কর্মকর্তা-কর্মচারীদের হেনস্তার ঘটনায় জড়িতদের ‘রাষ্ট্র ও জনগণের শত্রু’ আখ্যা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও তাঁর সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে অংশ নেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। একজন শিক্ষাবিদকে এভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই কাম্য নয়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তারা রাষ্ট্র ও জনগণের শত্রু। অপরাধীদের কোনো দল নেই, তাদের কোনো দলীয় পরিচয়ও নেই। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি জানার পর থেকেই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। রাজশাহীতে কোনো ধরনের মব কালচার সৃষ্টি করতে দেওয়া হবে না।’
রামেবির অগ্রগতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অগ্রগতি হয়েছে। হাসপাতালের অনুমোদন পাওয়া গেছে। এটি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।’
ঘটনাটি গুরুত্বের সঙ্গে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।
এ সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ‘বিষয়টি শোনার পর থেকেই আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি। আমরা এ ধরনের ঘটনা আর দেখতে চাই না।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রামেবির উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির (পিপিএম), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি এবং মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









