নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা শিল্পাঞ্চল এলাকায় পবিত্র মাহে রমজানের প্রথম দিনে মাগরিব নামাজের আগে আগুনে পুড়ে ছাই হয়েছে ১৮টি পরিবারের বসতঘর ও প্রয়োজনীয় জিনিসপত্র। নিজেরা প্রাণ নিয়ে বের হতে পারলেও ঘর থেকে কিছুই উদ্ধার করতে পারেননি ক্ষতিগ্রস্তরা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মাগরিব নামাজের কিছুক্ষণ আগে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় সবাই যখন ইফতার নিয়ে ব্যস্ত ঠিক সে সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় জুম্মান, নুরুল আলম ও মাহিজ উদ্দিনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত নুরুল আলম জানান, শিল্প এলাকা হওয়ায় তাদের বাড়ির ১০টি কক্ষে ১০টি পরিবার ভাড়া থাকতেন। আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সদস্যরা কোনোমতে জীবন নিয়ে বের হতে সক্ষম হন।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস এর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. জাহেদ চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির মোট ১৮টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন তিনি।
কাওছার আল হাবীব/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









