সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি হাম ছাড়াও হার্ট ফেইলিওরসহ একাধিক জটিল রোগে আক্রান্ত ছিল।
বুধবার (১৫ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. কামরুজ্জামান জানান, চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করা হলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। তবে হাম মোকাবিলায় হাসপাতালের প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও তিনি দাবি করেন।
এই মৃত্যুর মধ্য দিয়ে চলতি মাসে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। এর আগে হাম সন্দেহভাজন আরও তিন শিশুর মৃত্যু হয়, যাদের সবার বয়স ছিল দুই বছরের কম।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪৫টি ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়া একই সময়ে ৩০ জন নতুন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগজুড়ে মোট ১০৭ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৬২ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৯ জন চিকিৎসাধীন রয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









