কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। নিহত নারীর বয়স আনুমানিক ৩২ বছর এবং শিশুটির বয়স ছয় থেকে সাত বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক পরিবারের চার সদস্য কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে নিজ বাড়ি নবীনগরে ফেরার পথে বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের বহনকারী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন।
এ ঘটনায় অটোরিকশা চালক, নিহত নারীর শাশুড়ি ও তার মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









