বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অন্তর্বর্তী সরকারের সময়ে অনেক আহত জুলাই যোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি দাবি করেন, গেজেট থেকে বাদ পড়ায় অনেকে রাষ্ট্রীয় চিকিৎসাসুবিধা পাননি। সময়মতো চিকিৎসার অভাবে তাঁদের কেউ কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের টিটু মিলনায়তনে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে আহত ব্যক্তিদের গেজেটভুক্ত না করা দুঃখজনক ও নিন্দনীয়। সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হলে তাঁদের শারীরিক সক্ষমতা আরও উন্নত করা যেত।
জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির সম্পত্তি নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের হাত ধরে আন্দোলন শুরু হলেও পরে সব শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিলেন।
তিনি জানান, গেজেট থেকে বাদ পড়া আহত জুলাই যোদ্ধাদের পুনরায় আবেদনের জন্য সীমিত সময়ের সুযোগ দেওয়া হবে। ‘আমরা জুলাই যোদ্ধা’ ও ‘জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির’ পাশাপাশি স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়েও আবেদন জমা দেওয়া যাবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের চিকিৎসা, পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদে স্বাবলম্বী করে তোলার বিষয়ে সরকার কাজ করছে। স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণকারীদের প্রয়োজন ও দক্ষতা অনুযায়ী পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
আহতদের জীবনযাত্রার মান উন্নয়নে একটি পরিকল্পনা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এতে প্রয়োজন অনুযায়ী কৃত্রিম অঙ্গ সংযোজন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ব্যবস্থা থাকবে। এ লক্ষ্যে ১৭টি মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি কমিটি কাজ করছে।
জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির রাজশাহী বিভাগীয় সভাপতি উজ্জল হোসেন জোবায়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির চেয়ারম্যান গোলাম রহমান, ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক রবিউল আওয়াল তুহিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কে এম খাইরুল বাশার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান এবং বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









