জনগণের অভিযোগ, সমস্যা ও প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। জনগণের কথা শোনা এবং তাঁদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রতিটি উপজেলায় সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ ভবনে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, জনপ্রতিনিধিরা যেন জনগণের আরও কাছাকাছি থেকে তাদের সমস্যা জানতে পারেন এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারেন, সে লক্ষ্যেই প্রতিটি উপজেলায় সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ চালু করা হয়েছে।
তিনি বলেন, দেবীগঞ্জের সাধারণ মানুষ এ কক্ষে এসে তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা জানাতে পারবেন। তিনি সরাসরি উপস্থিত না থাকলেও লিখিতভাবে সমস্যার কথা তুলে ধরার সুযোগ থাকবে। এসব অভিযোগ ও সমস্যা পর্যালোচনা করে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরিদর্শন কক্ষটি সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নিজের অধীন দুটি উপজেলায় অফিস সহায়ক নিয়োগের প্রসঙ্গ তুলে ফরহাদ হোসেন আজাদ বলেন, সেখানে দুজন জুলাই যোদ্ধার পরিবারের সন্তানকে নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি ২০২৪ সালের জুলাই আন্দোলনের চেতনা ধারণ করার ওপরও গুরুত্বারোপ করেন।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিত সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজুসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









