মৌলভীবাজার-২ (কুলাউড়া ও বড়লেখা) আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট আইনজীবী এবং মুক্তিযুদ্ধের সংগঠক ব্যারিস্টার আব্দুল মুত্তাকিম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার মেলবোর্নে চিকিৎসাধীন বা বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।
উপজেলার কানিহাটি গ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার মুত্তাকিম চৌধুরী বাংলাদেশের রাজনীতি ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ষাটের দশকে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন এবং ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে কুলাউড়া-বড়লেখা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
স্বাধীনতার পর দেশের কূটনৈতিক দায়িত্বেও তিনি সফলতার সঙ্গে কাজ করেন। তিনি ১৯৭৩ সালে জাপানে এবং ১৯৭৬ সালে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী এই প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুতে কুলাউড়ার রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









