বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পরাজিত শক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকতে হবে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নব্বইয়ের গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে সাবেক ছাত্রনেতা আমান বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ জেহাদের আত্মত্যাগ সেদিন ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ২২টি ছাত্রসংগঠনের সমন্বয়ে গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ এবং বেগম খালেদা জিয়ার দূরদর্শী ও আপসহীন নেতৃত্বে আন্দোলন আরও বেগবান হয়। এর মধ্য দিয়েই স্বৈরাচারী শাসনের পতন ঘটে।
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, দেশের সংকটময় সময়ে জিয়া পরিবার সবসময় রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছে। নানা নির্যাতন, গুম ও প্রতিকূলতা মোকাবিলা করেও তারেক রহমান জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন। আন্দোলনকে এক দফায় রূপ দিয়ে ফ্যাসিস্টদের পতন নিশ্চিত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেন আমান।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের ভোট ও আস্থার ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য বিভিন্ন সুবিধা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কল্যাণে নেওয়া নানা উদ্যোগ এর প্রতিফলন। দেশের অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হওয়ার সময়েই ফ্যাসিবাদের অনুসারীরা গোপনে ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আমান আরও বলেন, ষড়যন্ত্র কিংবা অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় আসার সুযোগ এ দেশে আর নেই। দেশের চলমান অগ্রযাত্রা ধরে রাখতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং সাবেক জিএস খায়রুল কবির খোকন ও সাবেক এজিএস নাজিম উদ্দিন আলমের যৌথ সঞ্চালনায় স্মরণসভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন ৯০-এর সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের সাবেক ভিপি ও সংসদ সদস্য শিরীন সুলতানা, ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









