সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাজশাহীর চারঘাটে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। চারঘাট ও বাঘা উপজেলার দায়িত্বপ্রাপ্তদের নিয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
চারঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার, বাঘা উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাবুদ্দিন মন্ডল, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু এবং চারঘাট প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে কোনো ধরনের অবহেলা করা যাবে না, যাতে সরকারি কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীরা পান।
প্রশিক্ষণে চারঘাট ও বাঘা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা, সাংবাদিক, সংশ্লিষ্ট কর্মকর্তা, তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন। প্রশিক্ষণ কার্যক্রম ১০ ও ১১ অক্টোবর পর্যন্ত চলবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









