রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মজুত পর্যাপ্ত, রমজানে বাজার থাকবে স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ এএম

আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম

মজুত পর্যাপ্ত, রমজানে বাজার থাকবে স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং বাজার স্থিতিশীল রাখতে সরকারের হাতে পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন। মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখা। দায়িত্ব গ্রহণের পর সময় স্বল্প থাকলেও বর্তমান মজুত পরিস্থিতি সন্তোষজনক, যা আসন্ন রমজানে বাজার স্থিতিশীল রাখতে সহায়ক হবে।

সিলেটের উন্নয়ন নিয়ে নিজের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সিলেটের জীবনমান উন্নয়নে কাজ শুরু হয়েছে। বিশেষ করে এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি এবং তথ্যপ্রযুক্তি খাতের প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সিলেটে একটি আধুনিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন। মন্ত্রী মনে করেন, স্থানীয় তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলে এই অঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে।

বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তির বিকল্প নেই উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রতিবেশী দেশগুলো ডিজিটাল স্কিম ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এআই প্রশিক্ষণে অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশ যদি এক্ষেত্রে পিছিয়ে থাকে, তবে বৈশ্বিক সক্ষমতায় পিছিয়ে পড়বে। তাই সরকারি সেবার মান বাড়াতে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনে কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের আওতায় আনা হবে। আগামী পাঁচ বছর প্রতিটি দিনকে কাজে লাগিয়ে দেশকে একটি শক্তিশালী বৈশ্বিক অবস্থানে নিয়ে যেতে সরকার বদ্ধপরিকর।

সিলেটের আইটি পার্কে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে মন্ত্রী বলেন, বিনিয়োগ আকর্ষণের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আমলাতান্ত্রিক জটিলতা বা 'লাল ফিতার দৌরাত্ম্য' কমানো অপরিহার্য। এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। তিনি বিশ্বাস করেন, উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে দেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা সিলেটে বড় ধরনের বিনিয়োগে আগ্রহী হবেন, যা দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

সিলেটের প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা প্রদানের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, বিনিয়োগ উৎসাহিত করতে প্রয়োজনীয় পলিসি সাপোর্ট নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই এসব উদ্যোগের দৃশ্যমান বাস্তবায়ন দেখা যাবে। সরকার প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ করতে এবং তাদের উৎসাহ দিতে প্রশাসনিক সব বাধা দূর করতে সক্রিয় রয়েছে। উন্নয়ন ও সমৃদ্ধির এই অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।

 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.