সিলেটের কোম্পানীগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। উপজেলা পরিষদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ—সব পর্যায়েই প্রার্থিতা ও দলীয় সমর্থন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। সম্প্রতি আয়োজিত এক সাংগঠনিক সভায় উপজেলা পরিষদে তিন হেভিওয়েট নেতার সমর্থন প্রত্যাশা এবং ১ নম্বর পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদে ১০ জনের প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় রাজনীতিতে নির্বাচনী আলোচনা নতুন গতি পেয়েছে। চায়ের আড্ডা থেকে দলীয় ফোরাম—সবখানেই এখন সম্ভাব্য প্রার্থী ও সমীকরণের হিসাব-নিকাশ চলছে।
শনিবার (১০ অক্টোবর) বিকাল ৩টায় স্থানীয় টুকেরবাজারে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আওতাধীন ১ নম্বর পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় এসব প্রার্থিতা ও দলীয় সমর্থনের প্রত্যাশার বিষয়টি জোরালোভাবে উঠে আসে। সভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে স্থানীয় নির্বাচন নিয়ে তীব্র আগ্রহ ও তৎপরতা লক্ষ্য করা গেছে।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থন প্রত্যাশা করেছেন দলের তিন শীর্ষস্থানীয় নেতা। তারা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী সাহাব উদ্দিন এবং সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন। হেভিওয়েট এই তিন নেতার মাঠে নামা ও সমর্থন চাওয়ায় স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা সমীকরণ।
অন্যদিকে ১ নম্বর পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ১০ জন নেতা প্রার্থিতা ঘোষণা করেছেন। তারা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মন্নান মনাফ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাইয়ুম মাস্টার, ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি, উপজেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক উসমান খা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম, ইউনিয়ন বিএনপির সদস্য ইলিয়াছ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন তালুকদার, স্বেচ্ছাসেবক দল নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন এবং উপজেলা তাঁতিদলের সদস্যসচিব আরিফ চৌধুরী রাজ।
চেয়ারম্যান পদের পাশাপাশি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদেও একাধিক নেতা দলীয় সমর্থন প্রত্যাশা করেছেন। ফলে কেবল শীর্ষ পদ নয়, তৃণমূল ওয়ার্ড পর্যায়েও নির্বাচনী প্রস্তুতি ও আগ্রহ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আকবরের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মন্নান মনাফ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বুরহান উদ্দিন খন্দকার ফরহাদ ও সাংগঠনিক সম্পাদক নুরুল মোত্তাকিন বাদশাহ। এ ছাড়া উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের এই সরব উপস্থিতি কোম্পানীগঞ্জে বিএনপির তৃণমূল রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। তবে একই পদে একাধিক প্রার্থী থাকায় দলীয় সমর্থন চূড়ান্ত করতে নেতৃত্বকে বেশ কাঠখড় পোড়াতে হতে পারে। চূড়ান্ত তফসিল ও দলীয় নির্দেশনার পরই মূলত এই প্রতিযোগিতার আসল চিত্র স্পষ্ট হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









