লালমনিরহাটের পাটগ্রামে বীজ আইন ও বীজ বিধিমালা অমান্য করে অবৈধভাবে ভুট্টা বীজ প্যাকেটজাত করার অভিযোগে একটি পরিত্যক্ত গোডাউন সিলগালা করেছে প্রশাসন। গত শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে এগারোটার দিকে পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালীমন্দির এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে এই অবৈধ কার্যক্রমের সন্ধান পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাস।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে ওই পরিত্যক্ত গোডাউনে কয়েকজন ব্যক্তি একটি ওয়ে স্কেলের মাধ্যমে ভুট্টা ওজন করে বিভিন্ন নামী ব্র্যান্ডের মোড়কে ভরছিলেন। এর মধ্যে ‘বাহুবলী ৫৫৫ (বিজেতা সীডস)’, ‘Reliant’ এবং ‘রাজ’ জাতের মোড়ক ব্যবহার করে অবৈধভাবে ভুট্টা বীজ প্যাকেটজাত করা হচ্ছিল। হাতীবান্ধার আল আমীন নামের এক ব্যক্তির নির্দেশে এই প্যাকেটজাতকরণ কার্যক্রম চলছিল বলে জানা যায়।
ঘটনাস্থলে উপস্থিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা জানান, সরকারি বিধিমালা ও নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ না করে এভাবে সন্দেহজনক ও অনিয়মিতভাবে বীজ প্যাকেটজাত করার কোনো আইনগত সুযোগ বা নিয়ম নেই।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাস জানান, "সন্দেহজনক ও প্রক্রিয়া বহির্ভূতভাবে ভুট্টা বীজ প্যাকেটজাত করায় গোডাউনটি সিলগালা করা হয়েছে। সকল কাগজপত্র যাচাই-বাছাই সাপেক্ষে বীজ পরীক্ষার মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এদিকে পাটগ্রাম পৌর এলাকার এই গোডাউন ও ভেজাল বীজ সিন্ডিকেটের সাথে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আল আমীন নামের এক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ ওঠায় স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর পাটগ্রাম উপজেলার সর্বস্তরের মানুষ এই ভেজাল বীজ সিন্ডিকেটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন। এ বিষয়ে অভিযুক্ত আল আমীনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









