কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চারজন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) অপচেষ্টা আবারও রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১১ অক্টোবর) সকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীন ঠোটারপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র ও প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রবিবার আনুমানিক সকাল ৭টা ৪৫ মিনিটে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৯-এস হতে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে একটি সন্দেহজনক তৎপরতা বিজিবির নজরে আসে। বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা চারজন অজ্ঞাত পরিচয়ের ভারতীয় দুজন পুরুষ ও দুজন নারী নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা চালায়।
বিষয়টি টের পাওয়ার সাথে সাথেই বিজিবির টহল দল অত্যন্ত দ্রুততার সঙ্গে কার্যকর ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। সীমান্তে বিজিবির সদস্যরা দ্রুত সতর্ক অবস্থান নেন এবং পুশ-ইনের যেকোনো চেষ্টা প্রতিহতের জন্য শক্ত প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবির এই কঠোর ও দৃঢ় অবস্থানের মুখে বিএসএফের পরিকল্পনা নস্যাৎ হয়ে যায়। পরবর্তীতে আনুমানিক সকাল ৮টায় ওই চারজন নাগরিক ভারতের অভ্যন্তরেই ফিরে যেতে বাধ্য হন।
এ বিষয়ে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ কামাল রনি জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুত ও সতর্ক রয়েছে।
তিনি আরও জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সম্পূর্ণ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রতিনিয়ত পাহারা দিয়ে যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









