চট্টগ্রামে চিকিৎসা ও শিক্ষাসহ বিভিন্ন প্রয়োজনে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। তিনি বলেছেন, ‘‘আর্থিক সংকটের কারণে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন— কিংবা পড়াশোনা বন্ধ করতে বাধ্য না হন, সেজন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।’’
রবিবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা পরিষদের সেমিনার কক্ষে শিক্ষা ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, ‘‘জেলা পরিষদের পক্ষ থেকে আগেও অসচ্ছল মানুষের মাঝে এ ধরনের সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। প্রতি এক থেকে দুই মাস অন্তর এ ধরনের সহায়তা কার্যক্রম আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।’’
তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সামর্থ্যের মধ্যে থেকে অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে চিকিৎসা ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কেউ যেন আর্থিক সংকটে সমস্যায় না পড়েন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।’’
প্রশাসক জানান, আর্থিক সংকটের কারণে কেউ যেন নিজেকে ছোট মনে না করেন। প্রয়োজনের সময় জেলা পরিষদের কাছে আসবেন আগ্রহীরা। সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে। এ ধরনের সহায়তার বাইরেও সমাজের আরও মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, ‘‘দুর্যোগ কিংবা উৎসব— সবসময় চট্টগ্রাম জেলা পরিষদ মানুষের পাশে থাকার চেষ্টা করে। বন্যা, ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক উৎসবে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং জনকল্যাণে কাজ করাকে জেলা পরিষদ দায়িত্ব ও অঙ্গীকার হিসেবে নিয়েছে।’’
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম বলেন, ‘‘নিজেদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করার পরও কোনো ক্ষেত্রে সম্ভব না হলে রাষ্ট্র ও সরকার মানুষের পাশে দাঁড়াবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সেই অঙ্গীকার নিয়ে কাজ করছে। সরকারের অংশ হিসেবে জেলা পরিষদও জনকল্যাণে ভূমিকা রাখছে।’’
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী প্রকৌশলী মো. জাহেদুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারী ও সহায়তা গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









