রাজশাহীর চারঘাট উপজেলায় যাত্রীবেশে ভাড়া করা ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের জন্য চালককে হাতুড়ি ও ধারালো চাপাতি দিয়ে হামলার অভিযোগ উঠেছে দুই দুর্বৃত্তের বিরুদ্ধে। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঁকড়ামারী–পরানপুর সড়কের শিশাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ভ্যানচালক তফেল আলী (৫০) গুরুতর আহত হয়েছেন।
আহত তফেল আলী উপজেলার অনুপামপুর কারিগরিপাড়া গ্রামের মৃত কানু আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই ব্যক্তি চারঘাট বাজার থেকে পরানপুর যাওয়ার কথা বলে তফেল আলীর ব্যাটারিচালিত ভ্যান ভাড়া করেন। পরে কাঁকড়ামারী বাজার পার হয়ে পরানপুর বাজারের কাছাকাছি শিশাতলা এলাকার নিরিবিলি স্থানে পৌঁছালে যাত্রীবেশে থাকা ওই দুই ব্যক্তি চালকের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
হামলায় তফেল আলী গুরুতর আহত হলে তাঁকে রাস্তার পাশের জমিতে ফেলে রেখে ভ্যানটি নিয়ে পালিয়ে যান তাঁরা। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় পথচারী ও অন্য ভ্যানচালকেরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
প্রথমে তাঁকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর দুই হাতে গুরুতর আঘাতের কথা জানান। একটি হাত ভেঙে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে বলে তিনি জানান।
এ ঘটনায় ভ্যানচালকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর নিরিবিলি সড়কে যাত্রী পরিবহনের সময় চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে প্রশ্নও সামনে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









