বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস নিরাপদ, মাদকমুক্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে কুষ্টিয়া জেলা পুলিশ। আগামী ১৭ অক্টোবর থেকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়াধামে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী মহা-উৎসবকে কেন্দ্র করে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় এই অভিযান চালানো হয়। কুষ্টিয়া পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের প্রত্যক্ষ দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার উপস্থিত ছিলেন।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ বাহিনী মেলা চত্বর ও এর আশেপাশের সংবেদনশীল এলাকাগুলোতে ব্যাপক তল্লাশি ও টহল পরিচালনা করে। অভিযানকালে মেলা এলাকায় আগত সন্দেহভাজন ব্যক্তিদের দেহ ও সঙ্গে থাকা ব্যাগপত্র তল্লাশি করা হয়। মেলা ও আখড়া চত্বরে যেন কোনো ধরনের গাঁজা বা অন্য কোনো মাদকদ্রব্যের সেবন, কেনাবেচা বা বিস্তার না ঘটে, সে বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।
এবারের অভিযানে জেলা পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স টিম (এসআরবি) এবং ট্যুরিস্ট পুলিশের সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। দূর-দূরান্ত থেকে আসা ভক্ত, সাধু-গুরু ও দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে পুরো এলাকা নিশ্ছিদ্র পুলিশি নজরদারির আওতায় আনা হয়েছে।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, বাউল সম্রাটের এই আন্তর্জাতিক মানের মিলনমেলা যেন সম্পূর্ণ পবিত্র ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









