আইন ও আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই সিরাজগঞ্জের ব্যস্ততম হাটিকুমরুল মহাসড়ক (ঢাকা-বগুড়া, পাবনা-নগরবাড়ী ও নাটোর-বনপাড়া মহাসড়ক) দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার, সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা। এর ফলে প্রতিনিয়ত মহাসড়কে ঘটছে দুর্ঘটনা এবং স্থবির হয়ে পড়ছে যানবাহনের স্বাভাবিক গতি।
অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মহাসড়কে আগের তুলনায় নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে মামলার সংখ্যা কমেছে প্রায় ৯০ শতাংশ। প্রশাসনের এই শিথিলতার নেপথ্যে ‘ভিন্ন গল্প’ রয়েছে বলে দাবি করছেন স্থানীয় সচেতন মহল।
অনুসন্ধানে অভিযোগ উঠেছে, মামলা কমার নেপথ্যে কাজ করছে একটি প্রভাবশালী অদৃশ্য চক্র। মহাসড়কে এসব অবৈধ যানবাহন চলাচলের সুযোগ করে দিতে থ্রি-হুইলার ও সিএনজি মালিক-শ্রমিক সমিতির নামে সক্রিয় রয়েছে একাধিক সিন্ডিকেট। ‘চেইন মাস্টার’ নিয়োগ করে দিনদুপুরে প্রকাশ্যে চালানো হচ্ছে চাঁদাবাজি। এই চাঁদার একটি নির্দিষ্ট অংশ কার পকেটে যাচ্ছে—তা নিয়ে সাধারণ চালক ও পথচারীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিএনজি চালক জানান, চেইন মাস্টারের নির্ধারিত টোকেন বা জিপি (GP) ফি না দিলে মহাসড়কে গাড়ি নামানো তো দূরের কথা, নানা ধরনের হয়রানির শিকার হতে হয়।
এদিকে, মহাসড়কে নিষিদ্ধ যান আটকালেও রহস্যজনক কারণে হাটিকুমরুল হাইওয়ে থানায় নেই কোনো সুনির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা। ফলে জব্দকৃত যানবাহন রাখার পর্যাপ্ত জায়গা না থাকার অজুহাত দেখিয়ে পুরো প্রক্রিয়াটিকেই নিষ্ক্রিয় বা শিথিল করে রাখা হয়েছে।
মহাসড়কে নিষিদ্ধ যানবাহনের অবাধ চলাচল, সুনির্দিষ্ট ডাম্পিং না থাকা, আশঙ্কাজনকহারে মামলা হ্রাস এবং সমিতির নামে চাঁদাবাজি ও দেনদরবারের বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের সাথে কথা হলে তিনি সুস্পষ্ট জবাব দিতে পারেননি।
গত এক থেকে দেড় মাসে কতগুলো মামলা হয়েছে এবং কতগুলো মামলা রেজিস্ট্রি হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি স্বীকার করেন যে, গত দেড় মাসে নিষিদ্ধ থ্রি-হুইলারের একটি মামলাও হয়নি। এছাড়া, চাঁদাবাজির বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি দায়িত্বসারী বক্তব্য দিয়ে বিষয়টি এড়িয়ে যান।
মহাসড়ক দুর্ঘটনা এড়াতে ও যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে এই চাঁদাবাজি বন্ধ করা এবং সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন সাধারণ যাত্রী ও সচেতন নাগরিকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









