নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিল্পবর্জ্য অব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে ফারিহা স্পিনিং মিলসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার খাদুন এলাকায় কারখানাটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, কারখানাটিতে বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনার যথাযথ ব্যবস্থা না রেখে যত্রতত্র শিল্পবর্জ্য ফেলে রাখা হচ্ছিল। এর ফলে কারখানার ভেতরে ও আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল। এই অভিযোগের সত্যতা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুর রহমানের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম প্রমাণিত হওয়ায় ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১’ অনুযায়ী কারখানা কর্তৃপক্ষকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দ্রুত শিল্পবর্জ্য অপসারণ এবং পরিবেশসম্মত উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে কারখানা কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হজ্জাতুল ইসলাম জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









