লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম জেলা সদরের শাকচর ইউনিয়নের মৃত আনু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন আবুল কালাম। এসময় লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে উঠতেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বালুবাহী ড্রাম-ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে চালক ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেয়।
এদিকে, এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয় জনতা লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোষীদের বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ড্রাম-ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









