আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রয়োজনীয় ১৮ রান করে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে নাম লেখালেন লিটন।
ম্যাচটি খেলতে নামার আগে তিন ফরম্যাট মিলিয়ে লিটনের রান ছিল ৮ হাজার ৯২৯। প্রথম ইনিংসে ৫৩ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে মাইলফলক ছুঁতে প্রয়োজন ছিল ১৮ রান।
৭৬তম ওভারের শেষ বলে জিয়া উর রহমানের ডেলিভারিতে এক রান নিয়ে ৯ হাজারি ক্লাবে প্রবেশ করেন লিটন। আগের দিন ৫ রানে অপরাজিত থাকা এই ব্যাটার চতুর্থ দিন বাকি রান সংগ্রহ করেন।
এর আগে ব্যক্তিগত ১৪ ও ২৬ রানে দুইবার জীবন পান লিটন। দুইবারই বোলার ছিলেন কায়েস আহমেদ। প্রথমবার স্লিপে কামাল তার ক্যাচ ছাড়েন। পরে কায়েস নিজেই ক্যাচ নিতে ব্যর্থ হন।
টেস্ট ক্রিকেটে লিটনের সংগ্রহ ৩ হাজার ৪০৯ রান। এ ফরম্যাটে তার সেঞ্চুরি ছয়টি ও অর্ধশতক ২১টি। ওয়ানডেতে পাঁচ সেঞ্চুরি ও ১৪ অর্ধশতকে করেছেন ২ হাজার ৮৬৯ রান। টি-টোয়েন্টিতে ১২৪ ম্যাচে তার রান ২ হাজার ৭০৪। এ ফরম্যাটে সেঞ্চুরি না থাকলেও অর্ধশতক রয়েছে ১৬টি।
লিটনের আগে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









