কিশোরগঞ্জের কটিয়াদীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কাশেম মিয়া (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পশ্চিমহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাশেম মিয়া ওই গ্রামের মৃত মতি মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা করে আসছে চিহ্নিত মাদক কারবারি নুরুন্নবী ও সহযোগী মো. কাশেম চক্র। গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানা পুলিশের একটি দল করগাঁও পশ্চিমহাটি এলাকায় অভিযান চালায়। এ সময় প্যান্টের জিপার থেকে ১০০ পিস ইয়াবাসহ সহযোগী মো. কাশেম মিয়াকে তার বড় ভাইয়ে বসতঘর থেকে হাতেনাতে আটক করা হয়। মাদক কেনাবেচার উদ্দেশ্যে তিনি ইয়াবাগুলো নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানা যায়।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সুনির্দিষ্ট তথ্য পেয়ে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে ১০০ পিস ইয়াবা উদ্ধারসহ চক্রের এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









