পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সাকিল মৃধাকে হাত-পা বেঁধে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন নিহতের স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা। পরে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘এটি একটি নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এ ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার চাই। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এলাকাবাসী কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।’
গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে মিলঘর এলাকার একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় ভাসমান অবস্থায় মো. সাকিল মৃধার (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাকিল মিলঘর এলাকার ঢাকাগামী মুন পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের টিকিট কাউন্টার পরিচালনা করতেন। তিনি একই ইউনিয়নের মহাশ্রাদ্ধী গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বাদী হয়ে বাউফল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।এলাকাবাসী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং পুলিশ একজনকে আটক করেছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









