রংপুরের গঙ্গাচড়া শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় ’৯৬-এর ১৩৯ শিক্ষার্থী টিনের বেড়ায় ঘেরা শ্রেণিকক্ষে পড়াশোনা করছে। নাজুক অবকাঠামো ও আধুনিক স্যানিটেশন ব্যবস্থার অভাবে পাঠদানে নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিয়েছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে গঙ্গাচড়া সদর ইউনিয়নের হাজীপাড়া এলাকায় বিদ্যালয়টি পরিদর্শন করেন তিনি। এ সময় শিক্ষার মানের প্রশংসা করার পাশাপাশি অবকাঠামো ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার খোঁজ নেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে প্রান্তিক এলাকার শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করছে। তবে প্রয়োজনীয় অবকাঠামো ও আধুনিক স্যানিটেশন ব্যবস্থার অভাবে শিক্ষক-শিক্ষার্থীদের অসুবিধা হচ্ছে।
পরিদর্শনকালে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছাদিয়া আক্তার বলে, ‘অন্য প্রাথমিক বিদ্যালয়গুলোর ভবন সুন্দর, আর আমাদের বিদ্যালয়ে টিনের বেড়া। এমপি মহোদয় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখলে আমাদের পড়ার পরিবেশ আরও উন্নত হতো।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোকাররমা খাতুন বলেন, বিদ্যালয়টি ট্রাস্টের অধীনে হওয়ায় অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। পর্যাপ্ত অবকাঠামো ও আধুনিক স্যানিটেশন ব্যবস্থা না থাকায় পাঠদানে সমস্যা হয়।
সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, বিদ্যালয়টির পড়াশোনার মান ভালো। অবকাঠামো উন্নয়ন ও আধুনিক স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা গেলে এটি একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে রূপ পাবে। এ জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, নায়েবে আমির তাজ উদ্দিন ও জামায়াত নেতা দুলাল প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









