সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদ্যাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘নজরুল বর্ষ বক্তৃতামালা’।
বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ‘কাজী নজরুল ইসলাম: জীবন ও দর্শন’ শীর্ষক প্রথম বক্তৃতা অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইনস্টিটিউটটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। সভাপতির বক্তব্যে তিনি কবি নজরুলকে সাংবিধানিকভাবে জাতীয় কবির স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
উপাচার্য বলেন, ‘‘কবি নজরুল সারা বিশ্বের আশীর্বাদ হিসেবে এসেছিলেন। মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করলেও তিনি জীবদ্দশায় প্রাপ্য মর্যাদা পাননি, বরং নিগৃহীত ও বঞ্চিত হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কবি নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিলেন। তার দাদি ছিলেন নজরুল ভক্ত।’
শিক্ষার্থীদের মাঝে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে বছরব্যাপী মোট ১৩টি বক্তৃতামালার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে নজরুল বক্তা হিসেবে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান, নজরুল গবেষক ও উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। তিনি কবির মানস গঠন, দর্শন, দ্রোহ, প্রেম, সাম্য, অসাম্প্রদায়িকতা ও ধর্মীয় মূল্যবোধের নানা দিক তুলে ধরেন।
ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনামের সঞ্চালনায় অনুষ্ঠানে নজরুল বক্তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









