সুনামগঞ্জের জগন্নাথপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও ভেজাল মধু বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের টিএনটি সড়ক এলাকায় এ অভিযান চালানো হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মেসার্স বাউধরন স্টোরকে ২০ হাজার টাকা এবং ফুটপাতে ভেজাল ও নিম্নমানের মধু বিক্রির দায়ে এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরিফ উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন। এ সময় জগন্নাথপুর থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন বলেন, জনস্বাস্থ্য রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মেয়াদোত্তীর্ণ বা ভেজাল খাদ্য বিক্রি করে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









