দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বুধবার (১৪ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।
সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৭ ও ৯ উইকেটে হেরেছিল টাইগ্রেসরা। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হারলো বাংলাদেশ।
এর আগে ২০২৪ সালের মার্চে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগ্রেসরা।
ব্রিজবেনের অ্যালান বোর্ডার মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এ সময় দুই ওপেনার মুরশিদা খাতুন ১, শারমিন সুলতানা ৬, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩ এবং আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সোবহানা মোস্তারি ৯ রানে আউট হন।
পঞ্চম উইকেটে ৯৮ বলে ৫৪ রানের জুটিতে শুরু চাপ সামাল দেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। ৮টি চারে ৯৩ বলে ৫০ রান করে আউট হন শারমিন। হাফ-সেঞ্চুরির স্বাদ নেন স্বর্ণাও। ৪ বাউন্ডারিতে ৭১ বলে ৫৪ রানে থামেন তিনি।
শেষ দিকে সমান ১৩ রানের ইনিংস খেলে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দেন রাবেয়া খান ও দিশা বিশ্বাস। ৪৯.৫ ওভারে ১৭২ রান তুলে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মেগার শুট ১৬ রানে ৪ উইকেট নেন।
জবাবে ৩৮ রানে অস্ট্রেলিয়ার ২ উইকেট তুলে নেন বাংলাদেশের অফ-স্পিনার সুলতানা খাতুন ও পেসার দিশা বিশ্বাস। দুই ওপেনার জিওর্জি ভোলকে ১১ রানে সুলতানা এবং বেথ মুনিকে ২১ রানে আউট করেন দিশা।
এরপর তৃতীয় উইকেটে ১০৪ বলে ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৬৪ বল বাকী থাকতে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড। পেরি ৬৫ ও সাদারল্যান্ড ৭৪ রানে অপরাজিত থাকেন।
সুলতানা ৩২ রানে এবং দিশা ৪০ রানে ১টি করে উইকেট নেন।
ম্যাচ ও সিরিজ সেরা হন অস্ট্রেলিয়ার মেগার শুট।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









