জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক জাল আমেরিকান ডলার সদৃশ নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২)। এ সময় বিভিন্ন মূল্যমানের ডলার সদৃশ নোট, তিনটি মুঠোফোন ও একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় দেওয়ানগঞ্জে জেলা গোয়েন্দা শাখা-২ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
মঙ্গলবার বকশীগঞ্জের মেইন রোডের চৌরাস্তার পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি-২-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমানের নেতৃত্বে এসআই মুহাম্মদ শাহজাহান মিয়া, এসআই রফিকুল ইসলামসহ সঙ্গীও ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার কুতুবেরচর গ্রামের হযরত আলী (৩০) ও নজরুল ইসলাম (২২)।
পুলিশ জানায়, অভিযানে ৫০০ ডলার মূল্যমানের ১০০টি, ১০০ ডলার মূল্যমানের ১০০টি এবং ৫০ ডলার মূল্যমানের ৯৫টি জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া ৫ ডলার মূল্যমানের ১৯৯টি জাল নোটের সঙ্গে একটি আসল নোট এবং ১ ডলার মূল্যমানের ৯৮টি জাল নোটের সঙ্গে দুটি আসল নোট পাওয়া যায়।
এ সময় একটি পুরোনো ভিভো, একটি ইনফিনিক্স ও একটি সিম্ফনি মুঠোফোন এবং কালো রঙের একটি নিবন্ধনবিহীন ডিসকভার-১২৫ মোটরসাইকেল জব্দ করা হয়।
ডিবি-২-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান জানান, অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









