কুমিল্লার বরুড়ায় বলাকা পরিবহনের একটি বাস খাদে পড়ে আতিকুল্লাহ সবুজ (২২) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার দেওড়া ফকিরা মোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকুল্লাহ সবুজ বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের হাজারপাড় গ্রামের বাসিন্দা।
বাসটির চালক ও মালিক মনির হোসেন জানিয়েছেন, গাড়ির স্টিয়ারিং লক হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় তিনিই বাসটি চালাচ্ছিলেন।
এদিকে, নিহত হেলপার সবুজের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও আর্থিক সহযোগিতার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতা আবদুল জলিল। তিনি জানান, নিহতের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া বলাকা বাস মালিক সমিতির পক্ষ থেকেও আরও আর্থিক সহযোগিতা করা হবে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসের হেলপার নিহত হয়েছেন। মরদেহসহ বাসটি থানায় নিয়ে আসা হবে। এ ঘটনায় পল্লী বিদ্যুতের একটি খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









