যশোর শহরে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে আহত হয়েছেন চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরী (৬০)। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বেজপাড়া নলডাঙ্গা এলাকায় নিজের বাড়ির সামনে একটি মোটরসাইকেল গ্যারেজের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, ময়লা-আবর্জনা ফেলা নিয়ে গ্যারেজের কর্মীদের সঙ্গে সমু চৌধুরীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহাঙ্গীর (৩৬) ও হৃদয় (৩২) নামের দুই ব্যক্তি তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে তার মাথা কেটে যায়।
আহত সমু চৌধুরী শহরের বেজপাড়া নলডাঙ্গা এলাকার মৃত আবুল কাশেম চৌধুরীর ছেলে। অভিযুক্ত জাহাঙ্গীর আরএন রোড এবং হৃদয় সিটি কলেজপাড়া এলাকার বাসিন্দা। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, সমু চৌধুরী আশঙ্কামুক্ত।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বিষয়টি তিনি সাংবাদিকের মাধ্যমে জেনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









