রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোমতীর মাটি রক্ষায় ‘জিরো টলারেন্স’: প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম

আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম

গোমতীর মাটি রক্ষায় ‘জিরো টলারেন্স’: প্রাণিসম্পদ মন্ত্রী

কৃষি জমিতে হেভি মেটালের মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় মাটির স্বাভাবিক উর্বরতা কমছে এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে বলে জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন। তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় সরকার সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লা সার্কিট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। 

প্রাণিসম্পদ মন্ত্রী জানান, শিল্পবর্জ্য, অপরিকল্পিত রাসায়নিক ব্যবহার এবং নদীভাঙন ও চরাঞ্চলে অবৈধ মাটি কাটার কারণে জমিতে ভারী ধাতুর উপস্থিতি বাড়ছে। এর ফলে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে এবং দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।
গোমতী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আজ থেকে গোমতীর এক ইঞ্চি মাটিও কাউকে কাটতে দেওয়া হবে না। গোমতীর মাটি রক্ষায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হলো।’

তিনি আরো বলেন, ‘স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে মাটি কাটা বা পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, পরিচালক শামসুল আলম, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক এস এম কায়সার আলীসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা।

সভায় কৃষিজমির মাটি পরীক্ষা জোরদার করা, সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কৃষি চর্চা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাঠপর্যায়ে মনিটরিং কার্যক্রম আরও শক্তিশালী করা হবে এবং গোমতী নদী ও আশপাশের চরাঞ্চলে নিয়মিত তদারকি চালানো হবে।

সরকারের এ উদ্যোগে কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

ইমরান/কুমিল্লা/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.