কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত সাইঁজির স্মৃতিবিজড়িত লালন একাডেমী চত্বর ও সংলগ্ন রবীন্দ্র লালন উদ্যান এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা, ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা এবং জেনারেল সার্টিফিকেট শাখা) মনিরা আকতারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ পুলিশ, এসআরবি, আনসার ব্যাটালিয়ন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ টিম অংশ নেয়।
অভিযানের প্রথমাংশে লালন একাডেমী চত্বর ও এর আশপাশে উপস্থিত দর্শনার্থী, ভক্ত ও স্থানীয় জনগণের মাঝে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক বার্তা দেওয়া হয় এবং সবাইকে সতর্ক করা হয়।
পরবর্তীতে রবীন্দ্র লালন উদ্যান এলাকায় অভিযান চলাকালে গড়াই নদীর তীরে মাদক সেবনরত অবস্থায় ৩ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা আকতার সাংবাদিকদের জানান, লালন একাডেমী ও এর আশপাশের সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব বিবেচনায় মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মূলে জেলা প্রশাসন বদ্ধপরিকর। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং একটি মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









