যশোরের শার্শায় মোটরসাইকেলে গাঁজা বহনের সময় মো. শামীম বাবু (২১) নামের এক যুবককে আটক করেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা অপর মোটরসাইকেল আরোহী পালিয়ে যেতে সক্ষম হন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নাভারণ পুরাতন বাজার এলাকায় হাইওয়ে থানা পুলিশের নিয়মিত চেকপোস্ট অভিযানে ওই যুবক আটক হন। এ সময় তাঁর হেফাজতে থাকা ২ কেজি গাঁজা ও ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
গাঁজাসহ আটক শামীম বাবু বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামের সোহেল রানার ছেলে।
নাভারণ হাইওয়ে থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে নাভারণ হাইওয়ে থানার একটি টিম যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ ব্রিজের পূর্ব পাশে নিয়মিত যানবাহন চেকিং পরিচালনা করছিল। এ সময় যশোরগামী শামীমের মোটরসাইকেলটিকে থামানোর সঙ্কেত দেওয়া হলে পেছনের আরোহী দ্রুত দৌড়ে পালিয়ে যান। পরে মোটরসাইকেল তল্লাশি করে গাঁজা উদ্ধারসহ শামীমকে আটক করা হয়।
নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এসআই কেরামত আলী মাদকদ্রব্য উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নাভারণ হাইওয়ে থানায় ৩৬২ নম্বরে একটি সাধারণ ডায়েরি (জিডি) এন্ট্রি করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









