আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকায় আলাদাভাবে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
নির্বাচন কমিশনার বলেন, “এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ বেশ ভালো রয়েছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এই উপনির্বাচনে প্রায় তিনগুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।”
তিনি আরও জানান, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় কঠোরভাবে নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের ওপরও জোর দেন তিনি।জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সভায় উপনির্বাচন ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









