পদ্মার শ্রীনগর উপজেলার অংশে অভিযান চালিয়েছে প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো অভিযানে ইলিশ ধরার অপরাধে ৮ জেলেকে আটক করা হয়। এসময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান।
পরে মোবাইল কোর্টে ৮ জেলেকে ১৫ দিন করে কারাদন্ড ও ১শ টাকা করে জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া। মোবাইল কোর্টের আদেশে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে। ৫ কেজি মাছ স্থানীয় এতিমখানায় বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীনগট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মনোয়ারা বেগম। অভিযানে সহযোগিতা করেন শ্রীনগর থানা পুলিশ, মাওয়া স্টেশনের কোস্ট গার্ড ও নৌ পুলিশ।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা ও ক্রয় বিক্রয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









