নাটোরের নলডাঙ্গা উপজেলায় গভীর রাতে সংঘবদ্ধ চোর চক্রের কবলে পড়ে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে বুধবার (১৪ অক্টোবর, ২০২৬) ভোর ৬টার মধ্যবর্তী যেকোনো সময়ে এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নলডাঙ্গা থানাধীন ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের কাঠুয়াগাড়ি গ্রামের শেষ প্রান্ত (৬ নম্বর ওয়ার্ড) এবং দিয়ারপাড়া গ্রামের শুরুতেই (৫ নম্বর ওয়ার্ড) বিদ্যুতের পিলারে এই ট্রান্সফরমারটি বসানো ছিল। রাতের আঁধারে অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যরা সুকৌশলে পিলারে থাকা ট্রান্সফরমারটি খুলে নিয়ে চম্পট দেয়। সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে বিষয়টি এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
হঠাৎ ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় গ্রাহকদের তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চোর চক্রের কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এমনকি চুরি যাওয়া ট্রান্সফরমারটিও উদ্ধার করা যায়নি।
এ বিষয়ে মমিনপুর পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ মিনাল বলেন, ট্রান্সফরমার চুরি হওয়ার ফলে গ্রাহকদের মারাত্মক ভোগান্তির মুখে পড়তে হয়। এ ঘটনায় দ্রুত তদন্ত সাপেক্ষে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া থানায় একটি লিখিত এজাহার বা এফআইআর দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









