লক্ষ্মীপুরের রায়পুরে হঠাৎ মোবাইল ফোন বিস্ফোরণে রুবেল হোসেন (৩৪) ও সাকিল আহমেদ (২৭) নামের দুই যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং সাকিলকে চাঁদপুরে পাঠানো হয়েছে।
আহত রুবেল হোসেন ওই ইউনিয়নের কবির হোসেনের ছেলে এবং সাকিল আহমেদ একই এলাকার আব্দুল মতিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই দুই যুবক রাস্তার পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। হঠাৎ বিকট শব্দে মোবাইল ফোনটি বিস্ফোরিত হলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের দ্রুত উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করেন। চিকিৎসকরা জানান, আহত রুবেলের একটি চোখের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
তবে কী কারণে বা কোন ব্র্যান্ডের মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









