রাজশাহীর বারনই নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, দূষণ রোধ এবং অবৈধ দখলমুক্ত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটা ব্রিজসংলগ্ন এলাকায় ‘রাজশাহী ও নাটোর জেলার অন্তর্গত বারনই নদী পুনরুজ্জীবিত, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ’ প্রকল্পের এলাকা পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নির্দেশনা দেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, “বারনই নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, দূষণ বন্ধ করা এবং অবৈধ দখলমুক্ত করার মাধ্যমে নদীটিকে পুনরুজ্জীবিত করতে হবে। এ জন্য প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”
তিনি আরও বলেন, নদী শুধু পানিপ্রবাহের মাধ্যম নয়; এটি পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই নদী রক্ষায় দখল ও দূষণ বন্ধের পাশাপাশি এর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করতে হবে।
প্রতিমন্ত্রী নদীটির বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় নদীর অবৈধ দখল চিহ্নিত করা, দূষণের উৎস নিরূপণ এবং নদীর প্রবাহ পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









