বাংলাদেশ কোস্ট গার্ড–এর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবন–এর শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে এলাকা থেকে ৪টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গুলি, ১৭ রাউন্ড তাজা কার্তুজ এবং ১০ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। একই সঙ্গে করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য বাদশা শেখ (২৫)-কে আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ডাকাত দলের সঙ্গে সম্পৃক্ত থেকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছিলেন। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাহিনীর সদস্যরা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ইতোমধ্যে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এ অভিযানে করিম শরীফ বাহিনীর ৫টি আস্তানা ধ্বংস করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









