শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন পূজামণ্ডপে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। তিনটি পৃথক ব্যাটালিয়নের তত্ত্বাবধানে শুক্রবার (১৬ অক্টোবর) থেকে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল, নজরদারি ও প্রয়োজনীয় প্রস্তুতি জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি), মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এবং নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে এসব সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। উৎসব চলাকালে সীমান্তবর্তী মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, তাদের দায়িত্বপূর্ণ এলাকার ২০টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত আট প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এর মধ্যে সদর ও শিবগঞ্জ উপজেলার আংশিক সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে চার প্লাটুন এবং সদর দপ্তরের আশপাশের তিন কিলোমিটার এলাকার মণ্ডপে দুই প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া জরুরি প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দুই প্লাটুন সদস্যকে রিজার্ভ রাখা হয়েছে।
অন্যদিকে, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) থেকে পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাটালিয়নটির অধিনায়ক লে. কর্নেল আল আমীন অপু। তিনি জানান, শিবগঞ্জ উপজেলার আংশিক ও ভোলাহাট উপজেলার সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ১২টি পূজামণ্ডপ এবং সদর দপ্তরের কাছের একটি মণ্ডপের নিরাপত্তার জন্য এই সদস্যরা নিয়োজিত রয়েছেন এবং নিরাপত্তার সুবিধার্থে দুটি বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে।
এছাড়া নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় চারটি বিওপি’র আওতাধীন ১৭টি পূজামণ্ডপে চার প্লাটুন বিজিবি নিরাপত্তার দায়িত্ব পালন করছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়ন সদরে দুই প্লাটুন সদস্য সংরক্ষিত রাখা হয়েছে।
পূজা চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে নিবিড় সমন্বয় করে কাজ করছেন। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই এর মূল লক্ষ্য।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী জানান, চলতি বছর জেলার পাঁচ উপজেলায় মোট ১৬৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে দর্শনার্থী ও পূজারিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









