চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগরের একটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলমকে সঙ্গে নিয়ে তিনি এই পূজামণ্ডপ পরিদর্শনে যান। এ সময় তিনি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পূজার ফলের ঢালা এবং নগদ অর্থ সহায়তা তুলে দেন।
পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানান, শারদীয় দুর্গোৎসব-২০২৬ নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের দায়িত্বপূর্ণ এলাকার ২২২টি পূজামণ্ডপে প্রায় ২ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী এই ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ও প্রধান ধর্মীয় উৎসব যাতে সম্পূর্ণ নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হতে পারে, তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি দায়িত্ব পালন করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক রয়েছে।
রিজিয়ন কমান্ডার জানান, পূজা উপলক্ষে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করতে গত ১০ থেকে ১৪ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি ইউনিটগুলোর পক্ষ থেকে রেকি সম্পন্ন করা হয়েছে। শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত যশোর রিজিয়নের প্রায় ২ হাজার বিজিবি সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকছেন, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি উল্লেখ করেন, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৬টি জেলার ৩৭টি উপজেলার ৮ কিলোমিটারের মধ্যে এবং খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা শহরের ২২২টি পূজামণ্ডপে বিজিবি মোতায়েন করা হয়েছে। ৫৮টি বেইজ ক্যাম্প থেকে এসব মণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি ৬০০ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
বিশ্বের বুকে বাংলাদেশ ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান সর্বস্তরের নাগরিক, মণ্ডপ কর্তৃপক্ষ এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









