দেশের একমাত্র উৎপাদনশীল বড়পুকুরিয়া কয়লাখনিতে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর পুনরায় কয়লা উত্তোলন শুরু হয়েছে। নানা ঝুঁকি ও বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে খনির নতুন ১৪০৫ নম্বর লংওয়াল ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু করেন দেশি-বিদেশি কর্মকর্তা-কর্মচারীরা।
খনি সূত্রে জানা গেছে, নতুন ১৪০৫ নম্বর লংওয়াল ফেইজ থেকে পরীক্ষামূলকভাবে প্রাথমিকভাবে ২১৫ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে এই ফেইজে পুরোদমে কয়লা উত্তোলন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এর আগে গত ৩ আগস্ট ২০২৬ তারিখে খনির ১৩০৯ নম্বর ফেইজের নির্ধারিত কয়লার মজুত শেষ হওয়ায় উত্তোলন বন্ধ হয়ে যায়। ওই ফেইজ থেকে সর্বমোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা সম্ভব হয়েছিল। এরপর নতুন ফেইজ চালু করার জন্য বিভিন্ন কারিগরি ও পরিচালনাগত চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করে খনি কর্তৃপক্ষ পুনরায় উৎপাদন কার্যক্রমে ফিরল।
এদিকে, বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ডে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে কয়লা মজুত রয়েছে। নতুন উত্তোলিত কয়লার পাশাপাশি এই মজুত কয়লার বড় একটি অংশ খনিসংলগ্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। দীর্ঘ বিরতির পর পুনরায় কয়লা উত্তোলন শুরু হওয়ায় পুরো খনি এলাকায় নতুন করে কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে বড়পুকুরিয়া কয়লাখনির ডিজিএম (উৎপাদন ও ব্যবস্থাপনা) প্রকৌশলী এ এস এম ইফতেখার আলম চৌধুরী জানান, শুক্রবার থেকে নতুন ফেইজ থেকে পূর্ণমাত্রায় কয়লা উত্তোলন শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









