দক্ষিণী অভিনেতা নানির সিনেমা ‘দ্য প্যারাডাইস’-এর বক্স অফিস আয় কমতে কমতে ২২তম দিনে মাত্র ২ লাখ রুপিতে নেমেছে। তবে সব মিলিয়ে ছবিটির তেলুগু সংস্করণের মোট নিট আয় দাঁড়িয়েছে ১০৮ কোটি ১৩ লাখ রুপি। অন্যদিকে, হিন্দি সংস্করণ থেকে এসেছে ১০ কোটি ৫০ লাখ রুপি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিসের তথ্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান স্যাকনিল্কের হিসাবে, ১৫ অক্টোবর বৃহস্পতিবার সিনেমাটির তেলুগু সংস্করণ মাত্র ২ লাখ রুপি আয় করেছে। মুক্তির প্রথম দিকে ভালো ব্যবসা করলেও সময়ের সঙ্গে ছবিটির দৈনিক আয় উল্লেখযোগ্যভাবে কমেছে।
২৩ সেপ্টেম্বর অর্থের বিনিময়ে বিশেষ প্রদর্শনীর মাধ্যমে ছবিটির তেলুগু সংস্করণের যাত্রা শুরু হয়। ওই দিন আয় হয় ১১ কোটি ৬০ লাখ রুপি। পরদিন আনুষ্ঠানিক মুক্তির প্রথম দিনে আয় করে ৩১ কোটি ৪০ লাখ রুপি। এরপর প্রথম কয়েক দিনেও ভালো ব্যবসা করে সিনেমাটি। তবে পরবর্তী সময়ে আয় ধারাবাহিকভাবে কমতে থাকে।
ছবিটির তামিল সংস্করণ থেকে এখন পর্যন্ত আয় হয়েছে ২ কোটি ১৮ লাখ রুপি। তিন ভাষা মিলিয়ে সিনেমাটির উল্লেখযোগ্য আয় এলেও শেষ দিকে প্রেক্ষাগৃহে দর্শক টানার গতি কমেছে।
শ্রীকান্ত ওডেলা পরিচালিত ‘দ্য প্যারাডাইস’ সিনেমায় নানির সঙ্গে অভিনয় করেছেন মোহন বাবু, কায়াদু লোহার, সোনালী কুলকার্নি ও রাঘব জুয়াল। ১৯৮০-এর দশকের সেকেন্দ্রাবাদের পটভূমিতে নির্মিত সিনেমাটিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, বৈষম্য এবং মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম তুলে ধরা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









