সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা শক্ত হাতে প্রতিহতের আহ্বান জানান।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় বক্তব্য রাখেন সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. বাইজিদ হোসেন, ভাঙ্গুড়া সদর ইউনিয়ন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. কাউছার আলী এবং ভাঙ্গুড়া পৌর শাখা ছাত্রদলের নেতা মো. আশিকুর রহমান।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন ছাত্রদল নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









