যশোরের চৌগাছায় দ্রুতগামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৭) নামের এক তরুণ ও তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, নিহত দুজনেই প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা।
নিহত অয়ন হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং মিথিলা খাতুন যশোরের চৌগাছা পৌরশহরের বাকপাড়া এলাকার নাজমুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় অয়ন ও মিথিলা একটি নম্বরবিহীন ১৫০ সিসি সুজুকি মোটরসাইকেলে চড়ে চৌগাছা থেকে যশোর সড়কের আড়ারদাহ এলাকার একটি ক্যাফেতে খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা দুজনেই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অয়ন হোসেনকে মৃত ঘোষণা করেন। এদিকে মিথিলা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তারও মৃত্যু হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ জানান, স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে যে নিহত দুজন পরস্পরের পরিচিত ও প্রেমিক-প্রেমিকা ছিলেন। ঘটনার সময় তরুণী মিথিলা নিজেই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক পিকআপটিসহ চালক পালিয়ে গেলেও তা আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









