শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে রাঙামাটির বাঘাইছড়িতে দিনে-রাতে বিশেষ টহল এবং ড্রোনের মাধ্যমে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নজরদারি চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে উপজেলার অসহায় সনাতন ধর্মাবলম্বী ২০টি পরিবারের মাঝে উপহারসামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ করেছে বাহিনীটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে বাঘাইছড়ি উপজেলা সদরের কাচালং বাজারসংলগ্ন শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিদর্শন করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সভাপতি ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় এবং মতবিনিময় করেন। পরে অসহায় ২০টি পরিবারের মাঝে শাড়ি, পাঞ্জাবি, পোলাও চাল, ডাল, চিনি, সয়াবিন তেল ও সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় প্রতিটি পরিবারকে আর্থিক অনুদানও প্রদান করা হয়।
পূজার নিরাপত্তা প্রসঙ্গে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিজিবি সেনাবাহিনী, পুলিশ, আনসার ও অন্যান্য বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দিন ও রাতে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি পূজামণ্ডপ ও সংলগ্ন এলাকাগুলো ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘পাহাড়ি-বাঙালি আমরা সবাই বাংলাদেশি’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ধর্ম, বর্ণ ও গোত্রনির্বিশেষে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব উদ্যাপন আমাদের দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। সমাজের সব স্তরের মানুষ মিলেমিশে একসঙ্গে বসবাস করলে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জাতি গঠন সম্ভব, যা দেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
বিজিবির এ বহুমুখী উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পূজার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, অন্যদিকে স্থানীয় অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









